Page Nav

HIDE

Grid

GRID_STYLE

শিরোনাম

latest

লাখাইয়ে বাচ্চু মিয়া হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়া গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥   হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের বাচ্চু মিয়া হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি বাবুল মিয়া (৫০)কে গ্রেফতার কর...

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের বাচ্চু মিয়া হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি বাবুল মিয়া (৫০)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সোমবার (২৯ জুন) ভোর ৫টার দিকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাবুল মিয়া লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, পূর্ব বিরোধের জেরে গত ২ জুন সকাল আনুমানিক ৮টার দিকে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় হামলায় গুরুতর আহত হন বাচ্চু মিয়া। অভিযোগ রয়েছে, হামলার সময় নগদ ৪ লাখ টাকা, স্বর্ণালংকার, প্রায় ৫০০ কেজি চাল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করা হয়। এছাড়া মামলা করলে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।

স্থানীয়রা গুরুতর আহত বাচ্চু মিয়াকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হয়ে ৪ জুন বাড়ি ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৮ জুন পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে লাখাই থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি লাখাই থানার মামলা নং-২০, তারিখ ২৪ জুন ২০২৬, যার বিভিন্ন ধারার মধ্যে ৩০২ ধারাও রয়েছে।

র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লাখাই থানায় হস্তান্তর করা হয়।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "বাচ্চু মিয়া হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"