Page Nav

HIDE

Grid

GRID_STYLE

শিরোনাম

latest

পুলিশ পরিচয়ে থামিয়ে জিম্মি করে লুট, চুনারুঘাটে মিলল ছিনতাই হওয়া গাড়ি

মৌলভীবাজারের কুলাউড়ায় গভীর রাতে পুলিশের পরিচয়ে গাড়ি থামিয়ে তল্লাশির নামে এক সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অ...

মৌলভীবাজারের কুলাউড়ায় গভীর রাতে পুলিশের পরিচয়ে গাড়ি থামিয়ে তল্লাশির নামে এক সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, অলংকারসহ মূল্যবান মালামাল লুটে নেওয়ার পাশাপাশি তাঁদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও ছিনতাই করে নিয়ে যায় ডাকাতরা। পরে জিপিএস ট্র্যাকিং ডিভাইসের সহায়তায় গাড়িটি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া সড়কের একটি বাসার সামনে থেকে উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটে গত রোববার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুহাইনি চা-বাগান সংলগ্ন পাহাড়ি এলাকায়।

জানা যায়, সিলেটের বিয়ানীবাজার পৌরসভার শুভাতলা এলাকার বাসিন্দা, বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক সাংবাদিক মাছুম আহমদ তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে ব্যক্তিগত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৯-৮৭০৮) যোগে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকার পথে রওয়ানা হন। রাত দেড়টার দিকে লুহাইনি এলাকায় পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত তিন ব্যক্তি গাড়ি থামানোর সংকেত দেন।

গাড়ি থামানোর পর তারা তল্লাশির কথা বলে চালক রেজাউলকে নামতে বলেন। ঠিক সেই সময় চা-বাগানের ভেতর থেকে আরও পাঁচ থেকে ছয়জন অস্ত্রধারী যুবক বেরিয়ে এসে পুরো পরিবারকে জিম্মি করে ফেলে। প্রথমে চালককে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়। পরে সাংবাদিক মাছুম আহমদ, তাঁর স্ত্রী ও কন্যাকেও জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে তাঁদের ওড়না দিয়ে হাত বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করা হয়।

ডাকাতরা চিকিৎসার জন্য সঙ্গে থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা, তিনটি দামি মোবাইল ফোন, রূপার চেইনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে। একই সঙ্গে সড়কে থাকা তাঁদের প্রাইভেটকারটি ছিনতাই করে মৌলভীবাজারের দিকে নিয়ে যায়।

ডাকাতির শিকার সাংবাদিক মাছুম আহমদ জানান, তাঁরা চিকিৎসার জন্য রাতে ঢাকায় যাচ্ছিলেন। পুলিশের পোশাক পরা ব্যক্তিদের দেখে প্রথমে সন্দেহ না হওয়ায় গাড়ি থামানো হয়। কিন্তু মুহূর্তের মধ্যেই অস্ত্রধারী ডাকাতরা এসে তাঁদের জিম্মি করে সর্বস্ব লুটে নেয়। পরে গাড়িতে থাকা জিপিএস ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে অবস্থান শনাক্ত করে সোমবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া সড়ক থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে গাড়ির ভেতরে বা আশপাশে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ঘটনাটির রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের দাবি, কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লুহাইনি চা-বাগান সংলগ্ন নির্জন পাহাড়ি এলাকায় অতীতেও ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। এ ধরনের অপরাধ রোধে ওই এলাকায় রাতের বেলায় নিয়মিত পুলিশ টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা