নবীগঞ্জে তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের মধ্যেও দিনের বেলায় পৌরসভার স্ট্রিট লাইট জ্বলে থাকতে দেখা গেছে। এতে একদিকে যেমন বিদ্যুতের অপচ...
নবীগঞ্জে তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের মধ্যেও দিনের বেলায় পৌরসভার স্ট্রিট লাইট জ্বলে থাকতে দেখা গেছে। এতে একদিকে যেমন বিদ্যুতের অপচয় হচ্ছে, অন্যদিকে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার (২৯ জুন) দুপুরে সরেজমিনে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কসহ পৌর এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, দিনের আলো থাকা সত্ত্বেও একাধিক স্ট্রিট লাইট জ্বলছে। স্থানীয় বাসিন্দারা জানান, এটি নতুন কোনো ঘটনা নয়। প্রায়ই দিনের বেলায় স্ট্রিট লাইট জ্বালানো অবস্থায় দেখা যায়। আবার অনেক সময় রাতে প্রয়োজনের সময় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের কিছু স্ট্রিট লাইট বন্ধ থাকে, ফলে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে এলাকায় চরম লোডশেডিং চলছে। দিনে ও রাতে ১২-১৪ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সাধারণ মানুষকে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে অপ্রয়োজনীয়ভাবে দিনের বেলায় স্ট্রিট লাইট জ্বালিয়ে রাখা বিদ্যুতের অপচয়ের শামিল।
তারা আরও বলেন, সরকার বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করছে এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানাচ্ছে। কিন্তু দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণে পৌরসভার স্ট্রিট লাইট দিনের বেলায় জ্বলতে থাকায় সেই উদ্যোগ প্রশ্নবিদ্ধ হচ্ছে।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে দিনের বেলায় অপ্রয়োজনীয়ভাবে স্ট্রিট লাইট জ্বালিয়ে রাখার কারণ খুঁজে বের করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে রাতে সব স্ট্রিট লাইট সচল রেখে নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
