হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় টিকটক ভিডিও তৈরি ও এক অপ্রাপ্তবয়স্ক মাদ্রাসাছাত্রীর সঙ্গে ইভটিজিংয়ের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ...
শনিবার (৪ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের প্রথমরেখ মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিশুকচালক শামীম ও ট্রলিচালক শিবলু মিয়ার সমর্থকদের মধ্যে টিকটক ভিডিও তৈরি নিয়ে পূর্ববিরোধের জেরে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রায় আধাঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার মধ্যে এক অপ্রাপ্তবয়স্ক মাদ্রাসাছাত্রীর সঙ্গে ইভটিজিংয়ের ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। তবে এ অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সংঘর্ষে আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষ ও ইভটিজিংয়ের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
