স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে দুই ...
বুধবার (১ জুলাই) দুপুরে র্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় দাউদনগর বাজারের অনুকূল ফার্মেসির মালিক অনুকূল দাশকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা এবং আল মাহিন সুইট মিট-এর মালিক আলী হোসেনকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ দুই প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
র্যাব আরও জানায়, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি জনস্বার্থে ভেজাল, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
