স্টাফ রিপোর্টার ॥ ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্...
বুধবার রাতে জেলা বিএনপির কার্যালয়ে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি প্রাপ্ত বরাদ্দের বিস্তারিত সাংবাদিক ও উপস্থিত সবার সামনে তুলে ধরেন।
এ সময় জি কে গউছ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছে। অতীতে দুর্নীতি, স্বজনপ্রীতি ও লুটপাটের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তাই জনগণের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা জনসম্মুখে প্রকাশ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণের টাকার হিসাব জানার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করেন তিনি। একই অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তিসেবা প্রকল্পের আওতায় ২৫ জন মৎস্যচাষির মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়। এছাড়া ৪ হাজার ৯২৫ জন উপকারভোগীর মাঝে গাছের চারা এবং জনপ্রতি এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
জি কে গউছ বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি বরাদ্দ ও উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছেন। গত চার মাসে প্রাপ্ত সব বরাদ্দের তথ্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন। এবার বরাদ্দপ্রাপ্ত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে সাংবাদিকদের সামনে অর্থ পৌঁছেছে কি না, তাও নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, গত চার মাসে হবিগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় সাড়ে ৬শ' কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ-লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প অন্যতম। আগামী দুই মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
