Advertisement

sayeed

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগান বাংলো এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্থানগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান এবং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী। পরিদর্শনের সময় বিভাগীয় কমিশনার তেলিয়াপাড়া চা বাগান বাংলো ও স্মৃতিস্তম্ভের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, "মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জাতির অমূল্য সম্পদ। এসব ঐতিহাসিক স্থাপনা শুধু অতীতের স্মৃতি বহন করে না, বরং নতুন প্রজন্মকে দেশপ্রেম, আত্মত্যাগ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে। তাই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত স্থানগুলো যথাযথভাবে সংরক্ষণ, পরিচর্যা এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।" তিনি আরও বলেন, "তেলিয়াপাড়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান। মুক্তিযুদ্ধের বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ ও সংগঠনের ক্ষেত্রে এ স্থানের বিশেষ ভূমিকা রয়েছে। দেশের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে এ ধরনের ঐতিহাসিক স্থানগুলোর উন্নয়ন ও প্রচার জরুরি।" এ সময় তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন লিটন, ইউপি সদস্য শেখ সাইফুর রহমান লিটন, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল মহান মুক্তিযুদ্ধ চলাকালে তেলিয়াপাড়া চা বাগান বাংলো মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও কৌশল নির্ধারণের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এ ঐতিহাসিক গুরুত্বের কারণেই স্থানটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিশেষ মর্যাদা লাভ করেছে। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী, গবেষক ও ইতিহাসপ্রেমীরা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এ স্থান পরিদর্শনে আসেন।

Advertisement

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

বিভাগের খবর