লাখাইয়ে পিকআপ-টমটমের মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত ৪
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার তিসকারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু মিয়া লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের আবু তালেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছবাহী একটি পিকআপ ভ্যান লাখাই থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল। পথে তিসকারপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টমটমের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালকের পাশের আসনে থাকা মাছ ব্যবসায়ী বাচ্চু মিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ সময় টমটমে থাকা চার যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Advertisement
